মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার ও অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্ন করার অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও যুবদল নেতা মো. আব্দুল আহাদ। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আব্দুল আহাদ পতনঊষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পূর্বশত্রুতা ও হিংসাত্মক মনোভাব থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।
লিখিত বক্তব্যে আব্দুল আহাদ জানান, সম্প্রতি তিনি কমলগঞ্জের লন্ডন রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন। এর আগে প্রতিষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন সাবেক ব্যবসায়ী মাজু মিয়া। রিসোর্টে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভের মুখে মালিকপক্ষ মাজু মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বলে দাবি করেন তিনি। গত ৩০ সেপ্টেম্বর মাজু মিয়া রিসোর্টের ব্যবসা ছেড়ে চলে যান। এরপর ১ অক্টোবর থেকে তিনি নিয়মমাফিক রিসোর্ট ও পার্টি সেন্টার পরিচালনা করে আসছেন বলে জানান।
আব্দুল আহাদের অভিযোগ, ব্যবসায়িক অংশীদারত্বের পাওনা টাকার হিসাব চাইলে মাজু মিয়া কৌশলে তাঁদের ফোনালাপ রেকর্ড করেন। পরে সেই কথোপকথন বিকৃত ও অসম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আব্দুল আহাদ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রিসোর্টের ম্যানেজার এম আনোয়ার মাহমুদ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.