নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর ছাত্রী ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শনিবার (১৭ অক্টোবর) ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুটবল দল। এ ইভেন্টে রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে চার দিনব্যাপী এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রতিযোগিতার দাবা ইভেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ইভেন্টে রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়।
গত ১৪ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ১০৮ জন শিক্ষার্থী অংশ নেন। ফুটবল ইভেন্টে সাতটি বিশ্ববিদ্যালয়ের দল প্রতিদ্বন্দ্বিতা করে। দাবা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অরবিটাররা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, খেলাধুলায় আরও বেশি বিনিয়োগ করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সঙ্গে শেখার পরিবেশ ফিরিয়ে আনতে খেলাধুলাকে নতুন করে জাগিয়ে তুলতে হবে এবং সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের আটটি বিভাগে স্পোর্টস সায়েন্স বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক মানের ক্রীড়া শিক্ষা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ ও অলিম্পিক মানের স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন। পাশাপাশি দাবা, আর্চারি, গণিত ও ইংরেজি অলিম্পিয়াড আয়োজনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।
তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, মেয়েরা যেন সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে। খেলাধুলায় হার-জিত থাকবেই, তবে অংশগ্রহণই সবচেয়ে বড় বিষয়। এবারের আয়োজনের সীমাবদ্ধতা চিহ্নিত করে ভবিষ্যতে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা আয়োজন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে খেলাধুলা শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পেশা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। তরুণেরাই আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।
নারী ফুটবলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাছলিমা আক্তার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া। আর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিমা।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এবং অ্যাথলেটিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.