ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ধোবাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।
রোববার (১৮ অক্টোবর) ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম এবং সাংবাদিক কবির উদ্দিন, শামসুল হক মৃধা ও আজহারুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।
বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.