নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের নৈতিকতা ও ঈমান-আকিদা নষ্টের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, পাঠ্যবইয়ে ডারউইনের মতবাদ এবং শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য অন্তর্ভুক্ত করে ‘ব্রাউনম্যান প্রজন্ম’ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ আবদুল মালেক মিলনায়তনে আলিম প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, চার-পাঁচ বছর আগেও মাদরাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হার অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় বেশি ছিল। কিন্তু বর্তমান ও বিগত সরকারের সময়ে আলিয়া মাদরাসা থেকে শিক্ষার্থীদের মুখ ফিরিয়ে নিতে নানা ষড়যন্ত্র করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, আলিয়া মাদরাসার শিক্ষাকাঠামোকে স্কুল-কলেজের মতো করে ফেলা হয়েছে। স্কুল-কলেজে যে বই পড়ানো হয়, মাদরাসাতেও একই বই পড়ানো হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, ২০১০ সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও অর্থনীতি বিভাগে তা’মীরুল মিল্লাতসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের ভর্তি হতে বাধা দেওয়া হতো। ভর্তি পরীক্ষায় ভালো ফল করার পরও এসব বিষয়ে পড়ার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এ ঘটনায় তাঁরা মামলা করেছিলেন।
শিশির মনির বলেন, মাদরাসার শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়ন করা গেলে এ শিক্ষাব্যবস্থার শিক্ষার্থীরা বিশ্বপর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে দেশের রাজনীতিতে পরিবর্তন আসতে পারে। ভবিষ্যতে তাঁদের মধ্য থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। মাথা ঠান্ডা রেখে বেশি কাজ করার আহ্বান জানান তিনি।
ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শাখা সম্পাদক মুর্তজা হাসান ফুয়াদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুর রব, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং গীতিকার ও সুরকার মশিউর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.