সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সুস্থ, সুন্দর ও সৃজনশীল জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী মাঠে কালীপদ রায় চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী খেলাধুলা ও দেশীয় উৎসবগুলো সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, দেশীয় সংস্কৃতি ও ক্রীড়া ঐতিহ্য জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য তুলে ধরতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ও মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। এ ছাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচকে ঘিরে বাবুখালী মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.