
নোয়াখালী প্রতিনিধি
দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত-শিবির ও এনসিপি রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
রোববার রাত ৮টার দিকে নোয়াখালী জেলা শহরের মাইজদী, সোনাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
নাছির উদ্দীন নাছির বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রদল গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত না করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় জেলা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.