দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের সম্ভাবনা ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর ঢিবি এলাকায় সম্ভাব্য ক্যাম্পাসের স্থান পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক খায়রুল ইসলাম মন্ডল।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পূর্ব ও পশ্চিম পাশে সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আশিষ কুমার সরকার এবং উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কলেজগুলোর দাপ্তরিক কার্যক্রম সহজ ও গতিশীল করতে বিকেন্দ্রীকরণের উদ্যোগের অংশ হিসেবে সম্ভাব্য স্থানটি পরিদর্শন করা হয়েছে। এর আগে গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ একই স্থান পরিদর্শন করেন।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরামর্শে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল স্থানটি পরিদর্শনে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিরামপুরে আঞ্চলিক ক্যাম্পাস স্থাপিত হলে দিনাজপুরসহ রংপুর বিভাগের আট জেলার অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের প্রশাসনিক সেবা গ্রহণ সহজ হতে পারে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, প্রশ্নপত্র সংগ্রহ ও সনদপত্র সংশোধনসহ বিভিন্ন কাজে দূরবর্তী স্থানে যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.