কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
অল্প খরচ, কম পরিচর্যা আর দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ—এ তিন কারণে রংপুরের কাউনিয়ায় তেজপাতা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর গ্রামসহ আশপাশের এলাকায় বাড়ির আঙিনা, ক্ষেতের আইল ও অনাবাদি জমিতে ব্যাপকভাবে চাষ হচ্ছে তেজপাতা। স্থানীয়ভাবে গ্রামটি এখন তেজপাতার গ্রাম হিসেবেও পরিচিতি পেয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাজেমসকুর গ্রামের পাশাপাশি চৈতারমোড়, রাজীবসহ আশপাশের এলাকাতেও তেজপাতার বাগান গড়ে উঠেছে। কম খরচে দীর্ঘদিন পাতা সংগ্রহ করা যায় বলে কৃষকদের কাছে এটি লাভজনক ফসলে পরিণত হয়েছে।
বাজেমসকুর গ্রামের চাষি আবু সুফিয়ান জানান, ৬৬ শতক জমিতে প্রায় সাড়ে তিনশ গাছ লাগাতে তাঁর খরচ হয়েছিল ৩০ হাজার টাকা। এ পর্যন্ত তিনি অন্তত দুই লাখ টাকা আয় করেছেন। বাগান থেকে দীর্ঘদিন পাতা সংগ্রহ করা যায়। আবার ক্রেতারা সরাসরি বাগান থেকে পাতা কিনে নিয়ে যান।
একই গ্রামের কৃষক আশরাফুল ইসলাম আগে ধান, ভুট্টা ও সবজি চাষ করতেন। বর্তমানে তাঁর পুরো জমিতেই তেজপাতার চাষ। তিনি জানান, প্রথম বছরে তিন মণ পাতা বিক্রি করলেও এখন বছরে প্রায় ১৬ মণ বিক্রি করেন। তাঁর মতে, এ চাষে খরচ ও পরিশ্রম কম, লাভও ভালো।
স্থানীয় ব্যবসায়ীরা বাগান থেকেই তেজপাতা সংগ্রহ করেন। কেউ কেউ পুরো মৌসুমের জন্য বাগান ইজারা নেন। চৈতারমোড় এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, কাউনিয়া থেকে প্রতি সপ্তাহে প্রায় ৩০০ বস্তা তেজপাতা কিনে ঢাকায় পাঠান। প্রতি কেজি তেজপাতা ১০৮ থেকে ১১২ টাকা দরে বিক্রি হয়। মান ভালো হওয়ায় এখানকার তেজপাতা সৌদি আরব, দুবাই ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। স্কয়ার, প্রাণ, পুষ্টি, তীর ও ইস্পাহানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানও সরাসরি তেজপাতা কেনে বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান, বর্তমানে কাউনিয়া অঞ্চলে ৬৫ হেক্টর জমিতে তেজপাতার আবাদ হচ্ছে। কম খরচে দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ থাকায় কৃষকদের মধ্যে এ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন। তেজপাতা চাষ আরও সম্প্রসারণে কৃষি বিভাগ কাজ করছে।
সংশ্লিষ্টদের আশা, কাউনিয়ার মাটি ও আবহাওয়ার উপযোগিতা কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে তেজপাতা চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.