শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন জেলেকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।
অভিযানকালে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ৭ কেজি ইলিশ মাছ নিকটস্থ একটি আবাসিক মহিলা মাদ্রাসায় বিতরণ করা হয়। এ সময় তিন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, অভিযানে নৌপুলিশের সদস্য এবং মৎস্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.