নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে হালিমা বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ছিলিমপুর তালবোনা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীর ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
নিহত হালিমা বেগম ওই এলাকার মৃত আলিমউদ্দিন মণ্ডলের মেয়ে। তিনি বাবার বাড়িতে দুই ভাইয়ের সঙ্গে বসবাস করতেন।
নিহতের ছোট ভাই মজনু হোসেন জানান, রোববার রাতে খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন হালিমা। সোমবার ভোরে বাড়ির পূর্বদিকে একটি বাঁশঝাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে হালিমা বেগমের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি দুই ভাইয়ের সঙ্গে আলাদাভাবে বসবাস করতেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্ট রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.