কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় বাড়ির বাইরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল আলম রতন (৫০) ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি আগে একটি এনজিওতে চাকরি করতেন। বর্তমানে বেকার ছিলেন।
নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা রতনকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সন্ধ্যার দিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.