
মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ধান ও রবি শস্য কেটে নিয়ে যাওয়ার পাশাপাশি পটলখেতের মাচাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে ৯ জনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ফসল নিয়ে যাওয়া এবং আরও ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় বিরামপুর থানায় মামলা হয়েছে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৫৯) ও তাঁর পরিবারের সদস্যরা দলিলমূলে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন বলে দাবি করেছেন। ওই জমিতে তাঁরা ধান, রবি শস্য, হলুদ ও পটলসহ বিভিন্ন ফসলের চাষ করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করেন। এ সময় জমির ফসল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে নজরুল ইসলাম বাধা দেন। পরে তাঁর রবি শস্যের ক্ষেত ভাঙচুর এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
নজরুল ইসলামের দাবি, অভিযুক্তরা জমির ধান ও অন্যান্য ফসল নিয়ে গেছেন, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। এ ছাড়া পটলখেতের মাচাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। জমিতে থাকা অবশিষ্ট ফসল নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
এ ঘটনায় নজরুল ইসলাম ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করেন। এতে তিনজন সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.