আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
সোমবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের কর্মকার বাড়ি, রাজেরবাড়ি, পতিহার ও মোল্লাপাড়ার সার্বজনীন দুর্গাপূজামণ্ডপসহ একাধিক মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজার সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে আকন কুদ্দুসুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের ধারা অক্ষুণ্ন রাখতে এবার জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ অনুদান নিশ্চিত করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ২৪১টি দুর্গাপূজামণ্ডপে অনুদানের চেক দেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সবার উৎসব।
রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা নিয়োজিত রয়েছেন। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করাই আমাদের লক্ষ্য।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদ, সাবেক সদস্যসচিব মোল্লা মাহফুজ, বিএনপি নেতা সাইফুল মুন্সি, মোল্লা হোসাইন, আশ্রাফুল আলম বিপুল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ মোল্লা, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, মনিরুল ইসলাম ইসমাইল, হাসান কাজী ও জামাল বেপারীসহ স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.