খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে নৌকায় তুলে নিয়ে পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ওই নারী নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার জন্য বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন জেলে তাঁকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন। তবে তাঁকে দিঘলিয়ার দিকে না নিয়ে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পুরোনো প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। পরে তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালটির ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), একই গ্রামের মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক তিনজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.