যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে নিজ ঘর থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।
স্থানীয়দের ধারণা, রাতে অজ্ঞাতনামা চোর বা দুর্বৃত্তরা ঘরে ঢোকার পর ওই নারী তাদের চিনে ফেলায় তাঁকে গলা কেটে হত্যা করা হতে পারে।
নিহতের মেয়ে পান্না বেগম জানান, বাবার মৃত্যুর পর তাঁর মা ও খালা ওই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) খালা তাঁর এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে রাতে বাড়িতে একাই ছিলেন আছিয়া বেগম।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে উঁকি দেন। এ সময় খাটের ওপর আছিয়া বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পান্না বেগম বলেন, সকালে বাড়িতে এসে তিনি মায়ের গলাকাটা মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। ঘরের ভেতরের মালামাল এলোমেলো ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর অভিযোগ, মাকে হত্যার পর দুর্বৃত্তরা এসব মালামাল লুট করে নিয়ে গেছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিজ ঘরের খাটের ওপর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য আলামত সংগ্রহ করছে।
তিনি আরও জানান, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.