রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা সদরের কাটেঙ্গা বাজারে এ সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে বাজারের বেচাকেনা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুর্গাপূজা দেখা নিয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাই রিয়াদ শেখের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের ছেলে তাসিম মোল্লার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন কাটেঙ্গা বাজার এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী বলেন, রিয়াদ শেখ ও তাসিম মোল্লার মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল। বিষয়টি মীমাংসায় উপজেলা বিএনপির নেতারা আলোচনায় বসার উদ্যোগ নিয়েছিলেন। উপজেলা যুবদলের নেতা রহমান কবির ও সাব্বির আহমেদ টগরকে নিয়ে বসে বিরোধের সমাধানের পরিকল্পনা ছিল। তবে আলোচনার আগেই অনাকাঙ্ক্ষিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটে।
চৌধুরী কাওসার আলী আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল এ বিষয়ে প্রতিনিধি পাঠাচ্ছেন। তাঁদের মাধ্যমে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।
সংঘর্ষের ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও প্রায় দুই ঘণ্টা দোকানপাট বন্ধ থাকায় কাটেঙ্গা বাজারের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.