সিরাজুল ইসলাম মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বেদে পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালীগঞ্জ থানা-পুলিশের পাশাপাশি জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মোবারকগঞ্জ রেলওয়ে বস্তি থেকে ড্রাগন চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে মিজান নামে এক মাদক ব্যবসায়ীকেও ধরে আনা হয় বলে দাবি স্থানীয়দের। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর না করে আলোচনার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বেদে পল্লীর বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এর জেরে সোমবার রাতে বেদে পল্লীর একাংশের সরদার মনিরুল ইসলাম এবং স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন লাভলু ও রেজা কয়েকজনকে সঙ্গে নিয়ে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন একত্রিত হয়ে শামীম হোসেন, ইমাম হোসেন লাভলুসহ কয়েকজনকে আটক করে মারধর করেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। উত্তেজনা বাড়তে থাকায় জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.