শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ মাহমুদ আল তিতুমীর।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি এ কথা বলেন।
রাশেদ মাহমুদ আল তিতুমীর বলেন, “এ অঞ্চলে আর কোনো দেশ পাবেন না, যেখানে সব ধর্মের মানুষ এতটা সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্যে একত্রে বসবাস করে। আপনারা এ দেশের গর্বিত নাগরিক। সব সময় মাথা উঁচু করে চলবেন এবং ধর্মীয় কৃষ্টি-কালচার আনন্দের সঙ্গে উদযাপন করবেন। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে।”
হরিজন সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিজেদের হরিজন বলেন, আসলে আমরা সবাই মানুষ। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।”
তিনি আরও বলেন, সামাজিক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। এমন একটি দেশ গড়ে তুলতে চায় সরকার, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন এবং সবার মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম বজায় থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।
অর্থ উপদেষ্টা বলেন, “প্রধানমন্ত্রী একটি দার্শনিক ভিত্তির কথা বলেন—সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ।”
ধর্মীয় নেতাদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। রাষ্ট্র ও সমাজের কল্যাণে সব ধর্মের ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সরকার প্রত্যাশা করে।
দেশের উন্নয়নে নারীদের অবদানের কথা উল্লেখ করে রাশেদ মাহমুদ আল তিতুমীর বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারে নারীর গুরুত্ব বিবেচনায় নিয়ে সরকার তাঁদের নামে ফ্যামিলি কার্ড চালু করছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, নাগরিকেরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে বর্তমান সরকারকে নির্বাচিত করেছেন। এখন সরকারের দায়িত্ব তাঁদের প্রত্যাশা পূরণ করা।
তিনি আরও বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষকদের কৃষিঋণ মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও কৃষকদের পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছিল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনা করে অর্থ উপদেষ্টা বলেন, ওই সরকারের সময়ে দেশ থেকে ৪০ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে বলে তিনি দাবি করেন। দুর্নীতির কারণে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকেও দেশ ছাড়তে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে গোয়ালন্দে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলের বনসাই গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সানোয়ার আহম্মেদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু সাইদ মন্ডলসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.