নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। ১৯৯২ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পরদিন গেজেট প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এর প্রতিষ্ঠা আনুষ্ঠানিক রূপ পায়। দেশের উচ্চশিক্ষার বিস্তারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাধারণ মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ কমানো এবং জেলা-উপজেলা পর্যায়ের কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজার ৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এসব প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন এক লাখের বেশি। দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ এ বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়। এ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী এক কোটির বেশি মানুষ দেশে-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, শিল্প, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলানো এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রম আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ সম্প্রসারণ, সেশনজট নিরসন ও গবেষণার সুযোগ বাড়াতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন ভবনে ব্যানার টাঙানো হয়েছে। কেন্দ্রীয় মসজিদে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিলের।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.