দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন চার নারী। সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ করে মুখোশপরা ডাকাতদল তাঁদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একই সড়কে অপর একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা বিষিনতা মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিতলা বিষিনতা সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ করে দেশীয় অস্ত্রধারী ৫ থেকে ৬ জনের একটি ডাকাতদল। মুখোশ পরা ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ওই সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়া এক যুবক আশপাশের লোকজনকে ডাকাতির খবর দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশও সেখানে পৌঁছায়। তবে এর আগেই ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল হোসেন বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে যান। পরে পুলিশও পৌঁছায়, তবে ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও একই কৌশলে যানবাহন থামিয়ে যাত্রীদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। এতে ওই সড়কে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.