গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহারকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী মর্যাদার দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বরিশাল-১ আসনের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শতাধিক দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান।
জহির উদ্দিন স্বপন বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। দলের মধ্যে থেকে কেউ বিশ্বাসঘাতকতা করলে তাঁকে ক্ষমা করা হবে না। প্রত্যেক ইউনিয়নের তথ্য দলের কাছে রয়েছে। আগামী নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদেরই দল সমর্থন দেবে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে দল ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি যত বড় নেতাই হোন না কেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের নেতাকর্মীদের নির্বাচনী তৎপরতাও পর্যবেক্ষণ করা হবে।
এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম ও সদস্যসচিব মোল্লা বসির আহমেদ পান্নাসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামে নবনির্মিত সার্বজনীন শ্রীশ্রী কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জহির উদ্দিন স্বপন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি মিল্টন মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ মৃধা, গৌরনদী উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.