
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে ১৪৬ জন দুস্থ মানুষের মধ্যে বিশেষ বরাদ্দের অর্থ বিতরণ করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় কালাই পৌর এলাকায় নিজের বাসভবনে প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
অর্থ বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষ যেন জীবনের ন্যূনতম প্রয়োজন পূরণ করতে পারেন, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা বিশেষ তহবিল থেকেও দুস্থ মানুষের সহায়তা দেওয়া হচ্ছে। অর্থের পরিমাণ খুব বেশি না হলেও তা উপকারভোগীদের জরুরি প্রয়োজন মেটাতে কাজে আসবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু সাময়িক আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানুষের আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, দুস্থ ভাতা, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাতা, কাবিখা ও কাবিটা কর্মসূচি, খাল খনন, বৃক্ষরোপণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মতো কার্যক্রম নেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা ও শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুদান পেয়ে স্বস্তি প্রকাশ করেন উপকারভোগীরা। কালাই পৌরসভার থুকসারা গ্রামের রশিদুল ইসলাম বলেন, সীমিত আয়ে সংসার চালাতে অনেক সময় হিমশিম খেতে হয়। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোর পর হাতে তেমন টাকা থাকে না। এই অনুদান জরুরি কিছু খরচ মেটাতে কাজে লাগবে।
মাত্রাই ইউনিয়নের ইন্দাহার গ্রামের জাকিয়া সুলতানা বলেন, সংসারের নানা প্রয়োজন সীমিত আয়ে সামাল দেওয়া কঠিন। এ সহায়তা কিছুটা স্বস্তি দেবে। অন্যদিকে উদয়পুর ইউনিয়নের বাশিলাপাড়া গ্রামের জাকিয়া বেগম বলেন, অসচ্ছল পরিবারের জন্য সামান্য সহায়তাও অনেক মূল্যবান। সংসারের জরুরি প্রয়োজনে এ টাকা কাজে লাগবে।
অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম, ছেলে তৌফিক হাসান, মেয়ে নাহিদ নওশিন বারী, পুত্রবধূ লাইলাতুল বরাত নিঝুম, জামাতা মোহাম্মাদ হারুন-অর-রশিদ খানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.