কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মো. জামাল আকন (৫৮) নামে এক কৃষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর দুই পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাহেবরামপুর এলাকার উত্তর আন্ডারচর গ্রামের হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত জামাল আকন ওই গ্রামের আবদুল রশিদ আকনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একই এলাকার অসুস্থ গ্রামচৌকিদার শহিদুলকে নিয়ে চিকিৎসার জন্য বরিশালে যান জামাল আকন। চিকিৎসা শেষে রাতে দুজন বাড়ি ফিরছিলেন। পথে হাওলাদার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত জামাল আকনকে এলোপাতাড়ি কুপিয়ে দুই পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
আহত জামাল আকনের মেয়ে লিমা অভিযোগ করে বলেন, তাঁর বাবার সঙ্গে থাকা গ্রামচৌকিদার শহিদুল এ ঘটনার নেপথ্যে রয়েছেন বলে তিনি মনে করেন। বাশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সুমনের সঙ্গে রাজনৈতিক দল না করায় চেয়ারম্যানের লোকজন তাঁর বাবার ওপর হামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার সময় জামাল আকনের সঙ্গে থাকা গ্রামচৌকিদার শহিদুল বলেন, তিনি কিছু জানেন না এবং এ বিষয়ে কিছু বলতে পারবেন না। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.