কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক মো. আবুল খায়ের। মঙ্গলবার রাতে কচুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটিকরপাড়া-সংলগ্ন দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে।
আবুল খায়ের জানান, লিজ নিয়ে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ করে প্রায় ১ হাজার ২০০ শতাংশ পুকুর ও জমিতে ছয় বছর ধরে মাছ চাষ করছেন তিনি। বুধবার সকালে খামারে গিয়ে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ও সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখেন। এতে তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জানিয়ে আবুল খায়ের বলেন, এ ঘটনায় তাঁর পরিবার নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
খামারের পাহারাদার ইব্রাহিম জানান, তিনি রাত ১টা পর্যন্ত খামার পাহারা দিয়েছেন। এরপর ঘুমিয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে থাকতে পারে বলে তাঁর ধারণা।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত খামারের মালিক আবুল খায়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.