মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে অসহায় এক বৃদ্ধের মানবেতর জীবনযাপনের খবর নজরে আসার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন জামালপুরের মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের ভাবকী এলাকার আটারবাড়ী গ্রামের ৭৮ বছর বয়সী আজাহার আলী ও তাঁর পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি।
স্থানীয়ভাবে ‘বিদেশি আজাহার মিয়া’ নামে পরিচিত এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। দুবেলা খাবার জোগাড় করতেও তাঁকে হিমশিম খেতে হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দুর্দশার চিত্র ছড়িয়ে পড়লে বিষয়টি ইউএনওর নজরে আসে। পরে তিনি দ্রুত সহায়তার উদ্যোগ নেন।
বৃদ্ধের পরিবারের জন্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি, মুড়িসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
ইউএনও জিন্নাতুল আরা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। কোনো মানুষ যেন অভাবের কারণে অনাহারে দিন কাটাতে বাধ্য না হন, সে জন্য প্রশাসন যথাসাধ্য সহায়তা দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগ অন্য সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.