শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে ভক্তদের অশ্রুসজল ভালোবাসা, অঞ্জলি ও সিঁদুর খেলার মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।
বুধবার (২১ অক্টোবর) ভোর থেকেই চিতলমারী উপজেলার ১৩৭টি পূজামণ্ডপে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় বিশেষ অঞ্জলি। উপবাস থেকে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এ সময় নারী-পুরুষ নির্বিশেষে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
এর আগে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দেবী দর্শনে পূজামণ্ডপগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টার ধ্বনি ও আলোকসজ্জায় মণ্ডপগুলোতে বিরাজ করে উৎসবের আমেজ।
বিজয়া দশমীর নির্ধারিত সময়ে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শাস্ত্রীয় পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে মঙ্গলঘট স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়। বিকেলে বিভিন্ন পূজামণ্ডপ থেকে বের করা হয় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.