হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার আতাউর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আতাউর রহমান উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ রহমতটোলার মৃত বদিউর রহমানের ছেলে। তার মুখমণ্ডলের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকা থেকে আতাউর রহমানকে রাস্তা থেকে ধরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতরে মুখে গামছা বাঁধা এক ব্যক্তির চিৎকার শুনতে পান স্থানীয়রা। এ সময় তারা গাড়িটিকে ধাওয়া করলে চালকসহ কয়েকজন পালিয়ে যান। পরে আতাউর রহমানসহ দুজনকে আটক করেন এলাকাবাসী।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আতাউর রহমানকে উদ্ধার করে তার ছেলে আল আমিনের কাছে হস্তান্তর করে। এ সময় আটক দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের খলিদাপাড়ার মৃত আবু বকরের ছেলে আজাদ আলী (৪৮) এবং দুর্লভপুর ইউনিয়নের তর্তিপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে সেলিম রেজা (৩০)।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহত এক ব্যক্তিসহ সন্দেহভাজন দুজনকে আটকে রাখার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আতাউর রহমানকে উদ্ধার করে আটক দুজনকে থানায় নেওয়া হয়।
আটক ব্যক্তিদের স্বজনদের দাবি, অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে আতাউর রহমানের পরিবারের দাবি, অর্থনৈতিক বা ব্যবসায়িক বিরোধের কারণে নয়, অসৎ উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, অপহরণের খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার এবং দুজনকে আটক করেছে। বিষয়টি তদন্তাধীন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর অনুযায়ী, আহত আতাউর রহমানকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার পরিবার রাতেই থানায় মামলা দায়ের করবে বলে জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.