
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর বেপারীপাড়া এলাকায় সাথী খানম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
সাথী খানম লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের খাঁজা বিশ্বাসের মেয়ে। তিনি একই উপজেলার দিঘলিয়া সাহাপাড়া গ্রামের সৌদি প্রবাসী শাহাবুল ইসলাম পাখির স্ত্রী। তিন বছর বয়সী ছেলে রাজকে নিয়ে তিনি ঘটনার আগের দিন তাঁর ভাসুর পলাশ শেখের গোপীনাথপুর বেপারীপাড়ার বাড়িতে বেড়াতে যান।
পলাশ শেখ জানান, বুধবার বিকেলে শিশুটি ওই কক্ষে গিয়ে দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে তাঁর স্ত্রীও ডাকাডাকি করেন। তাতেও দরজা না খোলায় জানালা দিয়ে তাকিয়ে সাথী খানমকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।
নিহতের বাবা খাঁজা বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে পলাশ শেখ ফোন করে মেয়ের সমস্যা হয়েছে জানিয়ে তাঁকে দ্রুত বাড়িতে যেতে বলেন। সন্ধ্যা ৭টার দিকে সেখানে পৌঁছে তিনি মেয়ের মরদেহ দেখতে পান।
সাথীর মা নাছিমা বেগম বলেন, “আমার ভালো মেয়েটা গতকাল তাদের বাসায় গেল। কী এমন ঘটল যে তাকে আত্মহত্যা করতে হলো? আমি ঘটনার সঠিক তদন্ত চাই, বিচার চাই।”
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ওই এলাকায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.