নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর ও টঙ্গীতে পৃথক অগ্নিকাণ্ডে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এবং বুধবার গভীর রাতে টঙ্গীর খাঁ-পাড়া দিঘীরপাড় এলাকার বিপ্লব মার্কেটে এসব অগ্নিকাণ্ড ঘটে। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, আগুনে ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারির দোকান ও একটি মসজিদ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
অন্যদিকে, বুধবার গভীর রাতে টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ-পাড়া দিঘীরপাড় এলাকার বিপ্লব মার্কেটে আগুন লাগে। এতে ইলিয়াস হোসেনের মুদিদোকান, মো. খোরশেদ আলমের ইলেকট্রনিকস ও ফার্নিচারের দোকান এবং সুজনের একটি বিডি ফুড ডিলারের দোকান পুড়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে খাঁ-পাড়া সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো সরাসরি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। দূর থেকে পাইপ টেনে আগুন নেভাতে হওয়ায় কিছুটা বেগ পেতে হয়। এ ঘটনায়ও হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.