বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৩৫ বিজিবি। এ সময় মাদক বহনের অভিযোগে প্রাইভেটকারের চালক ও এক ক্রেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে ঢাকা-রৌমারী মহাসড়কের মধ্যের চর এলাকায় বিজিবির চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে রৌমারী থেকে একটি প্রাইভেটকারে করে মাদকের চালান গাজীপুরে নেওয়া হচ্ছে—এমন তথ্য পান বিজিবি সদস্যরা। পরে জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা মধ্যের চর এলাকায় অবস্থান নেন। ভোররাতে প্রাইভেটকারটি চেকপোস্ট অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোটমিল এলাকার আব্বাস আলীর ছেলে আলাল মিয়া (৪৫) এবং টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া এলাকার রাম চন্দ্র সাহার ছেলে রিপন সাহা (৪৩)। আলাল মিয়া প্রাইভেটকারের চালক এবং রিপন সাহা মাদকের ক্রেতা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার করা মাদকের চালানটি ঢাকায় নেওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার দুপুরে জব্দ করা মদ ও প্রাইভেটকারসহ আটক দুজনকে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.