কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে বোরকা ও হিজাব পরে চায়ের দোকানে হামলার ঘটনায় তাইজুল সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কালিগঞ্জ বাজারে হানিফের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। হামলায় মহসিন ও তাঁর ভাই জহিরসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালিগঞ্জ বাজারের ওই চায়ের দোকানে মিলন চেয়ারম্যানের সঙ্গে মহসিন, তাঁর ভাই জহিরসহ কয়েকজন বসে ছিলেন। এ সময় একটি ইজিবাইকে করে কালো বোরকা ও গোলাপি হিজাব পরা চারজন সেখানে আসেন। তাঁদের দুজন বাইরে অবস্থান নেন এবং অন্য দুজন দোকানে ঢুকে মহসিনকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে রামদা দিয়ে কোপাতে থাকেন। আত্মরক্ষার চেষ্টা ও ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীর ছদ্মবেশ খুলে গেলে তাঁকে তাইজুল সরদার হিসেবে শনাক্ত করেন স্থানীয়রা।
এদিকে হামলাকারীদের অন্য দুজন মহসিনের ভাই জহিরের ওপরও হামলা চালান। পরে তাইজুল পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করেন। এ সময় তিনি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে ক্ষুব্ধ জনতা তাঁকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাইজুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা ও পারিবারিক বা গোষ্ঠীগত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঘটনার সময় দোকানে প্রায় ১২ জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত অন্য তিনজনের মধ্যে সাইফুল, আলামিন ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.