নোয়াখালী প্রতিনিধি
বর্তমান সরকারের আট মাসের উন্নয়নচিত্র তুলে ধরতে এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে গুজব-অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে নোয়াখালীর মাইজদীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মাইজদী পৌর বাজার এলাকায় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি।
লিফলেট বিতরণ শেষে পৌর বাজারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ শাহজাহান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ভুল সিদ্ধান্ত ও অপরিকল্পিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। গত দেড় দশকে একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও জ্বালানি ও অর্থের সংস্থান নিয়ে যথাযথ পরিকল্পনা করা হয়নি। ফলে উৎপাদন সক্ষমতা থাকলেও সে অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে বিএনপির নেতারা দাবি করেন, ২০০৯ সালের পর দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা পাঁচ গুণ বাড়লেও উৎপাদন বেড়েছে প্রায় তিন গুণ। এ সময়ে বিদ্যুতের ভাড়া ও চার্জ বেড়েছে ১৬ গুণ। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশে দৈনিক গ্যাস উৎপাদন ছিল ২৭০ কোটি ঘনফুট, যা বর্তমানে কমে ১৬২ কোটি ঘনফুটে নেমেছে। দৈনিক ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ২৭০ কোটি ঘনফুট। এর মধ্যে ২১০ কোটি ঘনফুট গ্যাস বিদ্যুৎকেন্দ্রগুলোতে ব্যবহৃত হয় বলে তাঁরা উল্লেখ করেন।
এ সময় ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের লোডশেডিং পরিস্থিতির চিত্রও তুলে ধরেন বক্তারা। বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরণ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দিন, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহী পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম মুক্তার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুঃখু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.