নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানোর অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাইকিংয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শহিদুল ইসলাম শহীদ (৪৩), কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের আব্দুল জলিল সরকার (৫০), মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নে একটি চলন্ত অটোরিকশায় মাইক লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে দাবি করে দলমত নির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানাতে দেখা যায়। প্রচারণার শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শুক্রবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ১৮ সেকেন্ডের একটি মাইকিংয়ের ভিডিও পুলিশের নজরে আসার পর তদন্ত শুরু হয়। এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা এ বিষয়ে জানেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।
পুলিশ সুপার আরও জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী বা সমর্থক জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.