
যশোর প্রতিনিধি
যশোরের নতুনহাট বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মঙ্গলগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮), যশোর শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে জয় (১৮) এবং একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর আলী (১৭)।
আহতরা হলেন বেজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে রোহান (১৯) এবং মঙ্গলগাতি গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন তরুণ পৃথক দুটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। নতুনহাট বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুজনকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আইনি প্রক্রিয়া শেষে নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.