নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর ও মাধবদী পৌর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং অনুমতি ছাড়া রাস্তা কেটে বিটিসিএল সংযোগ ক্ষতিগ্রস্ত করে গণউপদ্রব সৃষ্টির দায়ে ১২টি মামলায় ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ গ্যাস সংযোগের আনুমানিক ৬০টি চুলা বিচ্ছিন্ন করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার শালিধা ও মাধবদী পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২ জনের বিরুদ্ধে ১২টি মামলা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১১ ও ১২ ধারায় ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পৌরসভার অনুমতি ছাড়া রাস্তা কেটে আনুমানিক ১ হাজার ২০০টি বিটিসিএল সংযোগ ক্ষতিগ্রস্ত করে গণউপদ্রব সৃষ্টির দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাসের নরসিংদীর ম্যানেজার প্রকৌশলী আহমদউল্লাহ এবং মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম।
এদিকে, মাধবদী পৌরসভার রাস্তা মেরামতের ফি বাবদ আগামী রোববারের মধ্যে ৬৯ হাজার টাকা জমা দেওয়ার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.