কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল্লাহ শেখ (২৬) নামে এক যুবক গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ একই ইউনিয়নের পারকরফা গ্রামের মৃত নবাব আলী শেখের ছেলে।
এরআগে গত ১৫ অক্টোবর ওই গৃহবধূ বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী দ্বিতীয় বিয়ে করায় তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়ি কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পারকরফা গ্রামে বসবাস করেন। গত ৪ অক্টোবর দুপুরে তিনি বাবার বাড়ির একটি বসতঘরে খাটে শুয়ে ছিলেন। এ সময় লম্পট আব্দুল্লাহ ঘরে প্রবেশ করে তাকে জাপটে ধরে চুমু দেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন। ওই গৃহবধূর চিৎকারে তাঁর স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত আব্দুল্লাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গৃহবধূ বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেন।
ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘আমি লম্পট আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তার ভয়ে পার্শবর্তী লোহাগড়া উপজেলায় আমার এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি ভয়ে আমার বাবার বাড়িতে যেতে পারছি না।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত আসামি আব্দুল্লাহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
এছাড়া আব্দুল্লাহ বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি ও সেবন, চুরি-ডাকাতি এবং ছিনতাইসহ নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.