মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে উৎসবমুখর পরিবেশে দেলুয়াবাড়ী সোনার বাংলা স্পোর্টিং ক্লাব আয়োজিত ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জি.এম. মুন্না আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলী গ্রুপ ও আমেনা হাবিব ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বৃহত্তম যশোর কল্যাণ সমিতি (ঢাকা-গাজীপুর)-এর সভাপতি মো. আলী হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ভোজগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আঃ ছাত্তার দফাদার, সিনিয়র সাংবাদিক ও দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ওলিয়ার রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে রক্ষা করতে হলে পড়াশোনার পাশাপাশি মাঠমুখী করতে হবে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ শেখায়। দেলুয়াবাড়ী সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের এ উদ্যোগ প্রশংসনীয়। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।”
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। স্থানীয় দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে টুর্নামেন্টের সমাপনী আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.