
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মধুমতি নদীতে উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে চাপুলিয়া গ্রামের নৌকা, দ্বিতীয় পানি পাড়া এবং তৃতীয় হয়েছে চর-শালনগরের নৌকা।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চর-শালনগর গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ ঘিরে দুপুর থেকেই নদীর দুই পাড়ে শত শত মানুষের সমাগম ঘটে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতিতে নদীর দুই তীর উৎসবের মিলনমেলায় পরিণত হয়।
প্রতিযোগিতা শুরুর পর মাঝিদের ছন্দময় বৈঠার টানে একের পর এক নৌকা এগিয়ে যেতে থাকে নদীর বুক চিরে। এ সময় দর্শনার্থীরা করতালি ও উল্লাসে প্রতিযোগীদের উৎসাহ দেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা।
নৌকাবাইচ আয়োজন কমিটির সভাপতি ও শালনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী উজ্জল বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদনগুলোর মধ্যে নৌকাবাইচ অন্যতম। এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, গ্রামীণ সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু এবং শালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.