যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক গাছের ডাল কেটে প্রায় ১০০ মণ জ্বালানি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় রুম্মন হোসাইন নামে এক যুবকের বিরুদ্ধে। দুর্গাপূজার ছুটির মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় নিয়মনীতি অনুসরণ না করেই বিদ্যালয় প্রাঙ্গণের গাছের ডাল কেটে জ্বালানি হিসেবে বিক্রি করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং এ ধরনের কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া জরুরি বলে মনে করছেন তাঁরা।
বিদ্যালয়ের সভাপতি মোফাজ্জল হোসেন জানান, তাঁকে ফোনে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছিল। তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই মতামত দিলে ডাল কাটার অনুমতি দিতে বলেছিলেন তিনি।
অভিযোগের বিষয়ে রুম্মন হোসাইন ভুল স্বীকার করে বলেন, পূজার ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সবাইকে না জানিয়ে এবং অনুমতি না নিয়ে কাজটি করা তাঁর ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুইটি জানান, গাছের ডাল কাটার পর স্থানীয় লোকজন তাঁকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন। বিদ্যালয় খোলার পর এ বিষয়ে পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করা হবে।
স্থানীয়দের দাবি, গাছের ডাল কাটার অনুমতি নেওয়া হয়েছিল কি না, জ্বালানি বিক্রির অর্থের পরিমাণ কত এবং এ ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.