আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
অপপ্রচার, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যাংক কর্মকর্তা ও কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসান বাবলু।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
আবুল হাসান বাবলু জানান, তিনি আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের বুধহাটা শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালের ডিসেম্বরে সাতক্ষীরা শাখায় যোগদানের পর ২০১৬ সালে বুধহাটা শাখা চালু হলে সেখানে ব্যবস্থাপকের দায়িত্ব পান। তিনি নিজেও প্রতিষ্ঠানটির একজন গ্রাহক। তাঁর দাবি, নিজের নামে ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের নামে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা জমা রয়েছে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানে স্থানীয় অনেক গ্রাহকের আমানত রয়েছে।
লিখিত বক্তব্যে তিনি প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এম তাজুল ইসলামের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও কানাডায় পাচারের অভিযোগ তোলেন। এ বিষয়ে ২০২২ সালে সমবায় অধিদপ্তর ও প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সমন্বয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, মামলায় ১১২ কোটি টাকা ফেরত দেওয়ার বিষয়ে আদালতের মাধ্যমে জামিন নেওয়া হয়েছে এবং মামলাটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মামলা নিষ্পত্তি হলে গ্রাহকেরা তাঁদের পাওনা টাকা ফেরত পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ দিয়ে বাবলু বলেন, তিনি কুল্যা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের সদস্য সচিব এবং আগরদাঁড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে।
তিনি আরও অভিযোগ করেন, একটি মহল আজিজ কো-অপারেটিভের কয়েকজন গ্রাহককে ভুল বুঝিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আবুল হাসান বাবলু নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.