নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২৫ অক্টোবর) রাতে অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন কালিয়া উপজেলার বনগ্রামের মনিরুল ইসলামের ছেলে রিমন মোল্যা (২৮), কালডাঙ্গা গ্রামের তহিদ মোল্যার ছেলে আব্দুল আজিজ (৩০) এবং লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মান্নান শেখের ছেলে বাবুল শেখ (৪০)।
ডিএনসি সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনগ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চার পিস ইয়াবাসহ রিমন মোল্যাকে আটক করা হয়। পরে লক্ষ্মীপুর পশ্চিমপাড়া এলাকায় বাবুল শেখের বাড়ির পেছনে একটি তেঁতুলগাছের নিচে আব্দুল আজিজের দেহ তল্লাশি করে তিন পিস এবং বাবুল শেখের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে রিমন মোল্যা ও আব্দুল আজিজকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে বাবুল শেখকে তিন মাসের কারাদণ্ড ও ৮৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল শেখ রিমন মোল্যা ও আব্দুল আজিজকে সাজা দেন বলে জানিয়েছে ডিএনসি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.