নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় শালিকাকে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে আইনজীবী সহকারী ও টিকটকার মো. মাসুদ রানাকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আইনজীবী মো. শাহীন কাদির ডলার।
সোমবার (২৬ অক্টোবর) আইনজীবী শাহীন কাদির ডলারের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে মাসুদ রানার সঙ্গে সেরেস্তার মামলা, আইনি কার্যক্রম ও দাপ্তরিক বিষয় নিয়ে যোগাযোগ না করতে মোয়াক্কেল ও সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সেরেস্তার নাম ব্যবহার করে তাঁর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেরেস্তার নাম ব্যবহার করে মাসুদ রানার সঙ্গে কোনো অননুমোদিত যোগাযোগ বা আর্থিক লেনদেনের ফলে সৃষ্ট কার্যক্রমের দায়ভার সেরেস্তা কিংবা সেখানে কর্মরত কেউ নেবেন না।
সম্প্রতি মাসুদ রানার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে তাঁর শালিকাকে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিসংবলিত টিকটক ভিডিও প্রকাশ করে আসছিলেন। এ ছাড়া গত ২৫ অক্টোবর তিনি তাঁর শালিকাকে বিয়ে করেছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কয়েকটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁকে সেরেস্তা থেকে অব্যাহতি ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে মো. মাসুদ রানার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.