কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের এক সপ্তাহ পার হলেও সন্ধান মেলেনি দেড় বছরের শিশু রাইসা খানমের। সন্তানকে ফিরে পেতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার মা-বাবা ও স্বজনরা। বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
গত ১৯ অক্টোবর সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় রাইসা। সে উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের রমিজ শরীফের মেয়ে। এ ঘটনায় পরদিন শিশুটির মামা স্বপন মোল্লা কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কান্নাজড়িত কণ্ঠে রাইসার মা রহিমা বেগম বলেন, দুপুরে রাইসা তার দাদির সঙ্গে দুষ্টুমি করছিল। পরে সে ঘরে মায়ের কাছে ছিল। একপর্যায়ে হঠাৎ তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর বাড়ির আশপাশ, খাল-নালা ও পুকুরসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
নিখোঁজের এক সপ্তাহ হতে চললেও শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। আদরের সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে তাদের।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া সব থানায় বার্তা পাঠানো হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.