খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় ফুফুর বাড়ি থেকে বৃষ্টি খাতুন (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার আঠারনগাতী গ্রামে এ ঘটনা ঘটে। স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলা নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত বৃষ্টি খাতুন তেরখাদা দক্ষিণপাড়ার বাসিন্দা কালাম মোল্যার মেয়ে। প্রায় সাত মাস আগে দুই পরিবারের সম্মতিতে প্রবাসী আকাশ গাজীর সঙ্গে মুঠোফোনের মাধ্যমে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাঁর মনোমালিন্য হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে বৃষ্টি তাঁর ফুফুর বাড়িতে ছিলেন। সেখানে একটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.