নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদারে ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ জনপদের নিরাপত্তা রক্ষা ও দ্রুত তথ্য আদান-প্রদানে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন বাইসাইকেল তাঁদের কর্মতৎপরতা বাড়াবে। এর মাধ্যমে তাঁরা দ্রুত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দায়িত্ব পালন ও প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারবেন।
বক্তব্য শেষে তিনি গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন। পরে নিজেই একটি বাইসাইকেল চালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা আনন্দ প্রকাশ করেন। তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.