চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিসান আহমেদের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিসান আহমেদ গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুরের গোলামের হোটেলে খাবার খেতে আসেন। এ সময় যমুনা নদীতে গোসল করতে নেমে জিসান পানিতে তলিয়ে যান। তাঁকে উদ্ধারে বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
পরে এনায়েতপুর থানা-পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা দিনভর উদ্ধার অভিযান চালান। অবশেষে সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করতে এসেছেন।
নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসেছেন মরদেহ গ্রহণ করার জন্য।
বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে এমন মর্মান্তিক ঘটনায় জিসানের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘটনার রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.