আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে সাবেক যুবদল নেতা মনির মোল্লাসহ তিনজনের ওপর হামলা ও নগদ তিন লাখ টাকা এবং স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের পশ্চিম পাশে সমিরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনির মোল্লার ভাই আনোয়ার মোল্লা আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের সামনে বালুর ব্যবসার হিসাব-নিকাশের সময় ২০ থেকে ৩০ জনের একটি দল মনির মোল্লা, মহসিন মোল্লা ও খাজা বেপারীর ওপর হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে শুভ তালুকদার, সাদ্দাম, বাবু, নাঈম ও নাদিমের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে মহসিন ও খাজা বেপারীর ওপর হামলা চালানো হয়। পরে তাঁদের রক্ষা করতে এগিয়ে এলে মনির মোল্লাকেও মারধর করা হয়। এ সময় নগদ তিন লাখ টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
আহত মনির মোল্লা উপজেলার পশ্চিম সুজনকাটি গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে ও আগৈলঝাড়া উপজেলা যুবদলের সাবেক নেতা। গুরুতর আহত অবস্থায় তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দুই আহত মহসিন মোল্লা ও খাজা বেপারী আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মনির মোল্লা অভিযোগ করেন, হামলাকারীরা চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এ ঘটনায় অভিযুক্ত শুভ তালুকদারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.