যশোর প্রতিনিধি
যশোরে কিশোর তানভীর হাসান স্বাধীন (১৬) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার মা সুমাইয়া আক্তার। মামলা দায়েরের পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার অভিযোগ করেন, চুরির অপবাদ দিয়ে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ১৯ অক্টোবর রাতে যশোর শহরের বারান্দী মালোপাড়া এলাকার একটি মন্দিরের পাশের গলিতে কয়েকজন যুবক স্বাধীনকে আটকে মারধর করেন। খবর পেয়ে তার বাবা উদ্ধার করতে গেলে অভিযুক্তরা তাকে হাসপাতালে নিতেও বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।
পরে গুরুতর আহত স্বাধীনকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২০ অক্টোবর রাতে তার মৃত্যু হয়। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে স্বাধীন বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানান তার মা।
সুমাইয়া আক্তার বলেন, গত ২৪ অক্টোবর যশোর কোতোয়ালি থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা উদ্বিগ্ন। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি ছেলের ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
নিহতের মায়ের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—যশোর শহরের বারান্দী মালোপাড়ার রেজা, তার শাশুড়ি ওলি, রনি, রনির বাবা আলী, পার্থ ও নারায়ণ। সংবাদ সম্মেলনে স্বাধীনের খালা সুমি, ফুফু সোমা, সীমা ও মামি পান্নাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, কিশোর স্বাধীন হত্যাকাণ্ডের ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে থাকায় তাদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.