নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
চলতি বছরের মধ্যেই এক লাখ দক্ষ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর বেতন কাঠামো, কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার মান যাচাই করে সদস্যদের পাঠানো হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরে আনসার সদস্যদের কারিগরি দক্ষতা সরেজমিনে পরিদর্শন করেন সিঙ্গাপুর, মালদ্বীপ ও মরক্কোসহ চারটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মহাপরিচালক।
তিনি বলেন, দেশের কর্মক্ষম জনশক্তিকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে আন্তর্জাতিক শ্রমবাজারে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আনসার-ভিডিপি বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে বিবেচনায় রেখে চলতি বছরেই এক লাখ দক্ষ সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
মহাপরিচালক আরও বলেন, বিদেশি প্রতিনিধিদের চাহিদা অনুযায়ী সদস্যদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করে জনশক্তি পাঠানো হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়েও আলোচনা চলছে।
তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু কাজের সুযোগ নয়, সংশ্লিষ্ট দেশের বেতন কাঠামো, কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার মানও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এর মাধ্যমে দক্ষ আনসার সদস্যদের জন্য নিরাপদ ও মানসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.