মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর দুই বছরের ছেলে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৌসুমীর স্বামী ও মোটরসাইকেলচালক ফারুক হোসেন (৪০)।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গালদা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মানিকগঞ্জ এলাকায়।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয় কলেজশিক্ষক মাসুম বিল্লাহ জানান, বিকেলে ছেলেকে চিকিৎসক দেখিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যশোর থেকে বাড়ি ফিরছিলেন ফারুক। মোটরসাইকেলের পেছনে ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন মৌসুমী।
তিনি জানান, গালদা মাঠপাড়ায় একটি ট্রলিকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফারুক, তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।
স্থানীয় চণ্ডীপুর গ্রামের স্কুলশিক্ষক আব্দুল আজিজ বলেন, “আমি মাগরিবের নামাজ পড়ে রাজগঞ্জ বাজার থেকে ইজিবাইকে যশোরে যাচ্ছিলাম। দোঁদাড়িয়া মোড় পার হয়ে সামনে যেতেই দেখি, মোটরসাইকেল থেকে পড়ে স্বামী-স্ত্রী ও তাঁদের কোলে থাকা ছেলে গুরুতর আহত হয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা তাঁদের উদ্ধার করে ইজিবাইকে পুলেরহাট আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।”
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মা ও ছেলের এমন অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.